নিয়ন আলোয় চারিদিকে বড় আঁধার
গাড়িগুলি সব চলেছে সরণী বেয়ে,
লাল শাড়ী পরা পাশে বসা ওই মেয়েটির
লিপস্টিক-এ লেগে আছে কার যেন ছবি...
চিনতে পারিনি, বুঝতে পারিনি সে কে,
তৃতীয় ব্যক্তি, জানতে চাইনি তাকে,
চেয়েছি শুধুই ওই দুটো ঠোঁট ছুঁতে,
একটি রাতের ‘ইকোনমিকাল রেট’-এ।
বদ্ধ হোটেল, স্বর্গীয় এক রুম-এ,
নকল প্রেম-এর রঙ্গিন সে হাতছানি,
কালো গ্লাস-এ ভরা সবুজ বিষের মতন
নেশা ঝরা এক সন্ধে-রাতের প্রাণী!
পেয়েছি সেদিন তার দু হাতের ছোঁয়া
মিলেমিশে গেছে রাত, দিন, ঠোঁট দুটি-
নীল রঙের ওই কাপড়ের ক্যানভাসে
পেয়েছি তোমায়, রাত্রি শেষের ছবি।
সকাল বিকেল উত্তাপ-এ কোনঠাসা
আলো-আঁধারির সঙ্কীর্ণ পলকে,
মিশে গেছে সেই চোখের জলের স্মৃতি,
নাম-না-জানা কোন সে গলির ফাঁকে,
আজও হেঁটে চলে লাল শাড়ী সেই মেয়ে-টি,
লিপস্টিক-এ তার লেগে আছে কার ছবি...
তৃতীয় ব্যক্তিঃ চিনতে পারিনি তাকে,
তৃতীয় ব্যক্তিঃ হয়ত বা সেটা আমি...
[This formerly unfinished poem had been 'unfinished' for a REALLY long time!
In fact, when I stumbled upon the first Twelve lines, I wasn't even sure
if I was the one who had written them. :P But ya, completed a poem after long,
feeling happy!]
No comments:
Post a Comment